
মোঃ আমিনুল ইসলাম মন্ডল
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ৯ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান খান-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় গৃহীত কর্মসূচি অনুযায়ী, ৯ ডিসেম্বর হানাদার মুক্ত দিবসে র্যালি ও আলোচনা সভা, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের সূচনা হবে সূর্যোদয়ের সঙ্গে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে। দিনব্যাপী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও নানা কর্মসূচি পালিত হবে।
সভায় বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দে, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার, সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম তালুকদার, যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সভায় অংশগ্রহণকারীরা দিবসগুলো যথাযথভাবে পালনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনলাইন ডেস্কঃ 


















