
নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাগডোব গ্রামে শিয়ালের কামড়ে সাড়ে তিন বছরের এক শিশু আহত হয়েছে। এ ঘটনার পরদিন মঙ্গলবার সকালে শিশুটির বাবা আসাদুল মিস্ত্রি মারা গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে রিয়াজ উদ্দিন ফকিরের নাতনি, আসাদুল মিস্ত্রির ছোট মেয়ে, বাড়ির আঙিনায় খেলছিল। একপর্যায়ে হাত-মুখ ধোয়ার সময় হঠাৎ একটি শিয়াল এসে শিশুটিকে কামড়ে দেয়। শিশুটি চিৎকার দিলে তার বাবা দৌড়ে এসে লাঠি দিয়ে শিয়ালটিকে মেরে ফেলেন।
তথ্যসূত্রে জানা গেছে, আসাদুল মিস্ত্রি দীর্ঘদিন ধরে জন্ডিসে ভুগছিলেন। অসুস্থ শরীর নিয়েও মেয়ের চিৎকারে ছুটে যাওয়া বাবার সেই দৃশ্য এলাকাবাসীর হৃদয় ছুঁয়ে গেছে।
মঙ্গলবার ফজরের আগেই মসজিদের মাইক থেকে জানানো হয়—
“আসাদুল মিস্ত্রি আর নেই।”
এ খবর ছড়িয়ে পড়তেই গোটা বাগডোব গ্রামে নেমে আসে শোকের ছায়া।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যু কখন, কোথায়, কীভাবে এসে যায়— তা কেউ জানে না; তবে আসাদুল মিস্ত্রির বিদায়ে স্তব্ধ তার পরিবার ও প্রতিবেশীরা।
সম্প্রতি এলাকায় শিয়াল দেখা যাওয়ায় শিশুদের একা বাইরে যেতে না দেওয়ার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা। অভিভাবকদেরও অনুরোধ করা হচ্ছে, ছোট সন্তানদের নিরাপত্তায় আরও সচেতন থাকার জন্য।

অনলাইন ডেস্কঃ 



















