হাবিবুল ইসলাম
আটপাড়া উপজেলা প্রতিনিধি :
নেত্রকোণার আটপাড়া উপজেলার ইটখলা ও মোবারকপুর গ্রামের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা তিন ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও উত্তেজনা চলতে থাকে।
সংঘর্ষের খবর পেয়ে আটপাড়া থানা পুলিশ দুই দফা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও উত্তেজনা না কমায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠে। এক পর্যায়ে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহনূর রহমান, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মাঠে নামেন। পরে তাদের তৎপরতায় রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে।
এ ঘটনায় দুই গ্রামের বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে ইটখলা চকপাড়ার বাসিন্দা রবিউল-এর অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অতিমাত্রায় উত্তেজনা যেন আবার ছড়িয়ে না পড়ে সেজন্য ইউএনও মোঃ শাহনূর রহমান সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন—
“গুজব বা অযথা উত্তেজনা ছড়ানো থেকে বিরত থাকুন। প্রশাসন পরিস্থিতির ওপর সম্পূর্ণ নজর রাখছে।”
এ ঘটনায় এলাকায় এখনো আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে।
সম্পাদক - মোঃ মনির হোসেন