মোঃ আমিনুল ইসলাম মন্ডল
পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যে নেত্রকোনার পূর্বধলায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫। দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থী, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান খান। পরে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফরিদ আহমদ তালুকদার (বাবুল) মাস্টার। প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. আনিছুর রহমান খান। সঞ্চালনায় ছিলেন মৌদাম সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা।
বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন খান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাকির খান কামাল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মন্নান, যুবদলের যুগ্ম আহ্বায়ক ইশতিয়াকুর রহমান বাবু প্রমুখ।
অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দুর্নীতিমুক্ত ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে পূর্বধলায় দিনটি পরিণত হয় শুদ্ধতার এক অনন্য বার্তায়।
সম্পাদক - মোঃ মনির হোসেন