
মোঃ মুনিরুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার ইসলামনগর (খাড়িপাড়া) এলাকায় অবস্থিত দারুস সুন্নাহ ইসলামী কমপ্লেক্সে বিদায়ী হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে পবিত্র কুরআনে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদায়ী হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ী পরিয়ে দেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে অনুষ্ঠিত হয় দ্বীনি নাসিহাহ ও দোয়া মাহফিল। এ সময় বক্তারা বলেন, হাফেজে কুরআনরা সমাজের জন্য আলোকবর্তিকা। তাদের চরিত্র, আখলাক ও আমলের মাধ্যমে সমাজে কুরআনের শিক্ষা ছড়িয়ে পড়বে—এটাই জাতির প্রত্যাশা।
বক্তারা আরও বলেন, দ্বীনি শিক্ষা বিস্তারে দারুস সুন্নাহ ইসলামী কমপ্লেক্স নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ প্রতিষ্ঠান থেকে যোগ্য আলেম ও হাফেজ তৈরি হয়ে দ্বীন ও সমাজের খেদমতে আত্মনিয়োগ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, দারুস সুন্নাহ ইসলামী কমপ্লেক্সে আবাসিক ও অনাবাসিক শাখায় নূরানী, মক্তব, হিফজ, শুনানী ও কিতাব বিভাগে নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক দ্বীনপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


অনলাইন ডেস্কঃ 



















