
মো:মোজাম্মেল হক
উখিয়া উপজেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলায় কিছু কথিত ভুয়া সাংবাদিকের অপতৎপরতায় বিপাকে পড়ছেন প্রকৃত পেশাদার সাংবাদিকরা। সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ দীর্ঘদিনের। এমনই এক ঘটনায় রাজধানীতে ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. জিয়াবুল হক (৪২)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ উপজেলা সভাপতি পরিচিত বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, তিনি সাংবাদিক পরিচয়ের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশান বিভাগের এক কর্মকর্তা জানান, সোমবার (৫ জানুয়ারি) সকাল আনুমানিক ৬টা ১০ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের সময় তিনি প্রেস লেখা জ্যাকেট পরিহিত ছিলেন বলেও জানায় ডিবি।
ডিবি সূত্রে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক পাচারে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে স্থানীয় সাংবাদিক মহল বলছে, কিছু ভুয়া ও অপেশাদার ব্যক্তির কারণে প্রকৃত সাংবাদিকদের পেশাগত সুনাম ক্ষুণ্ন হচ্ছে। তারা সাংবাদিকতার নাম ব্যবহার করে অপরাধে জড়িয়ে পড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানান।

অনলাইন ডেস্কঃ 



















