
ফাহিম উদ্দিন,পানছড়ি প্রতিনিধি:-
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ জানুয়ারী সোমবার সন্ধ্যায় ৫নং উল্টাছড়ি ইউনিয়নের ৩নং মধ্যনগর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন। শহীদ জিয়া স্মৃতি সংসদ পানছড়ি উপজেলা কমিটির সভাপতি মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, মোঃ ছন্দু মিয়া, নুরুল কায়েস শিমুল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ পাটোয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আফসার এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মোঃ ইদ্রিস আলী।
শহীদ জিয়া স্মৃতি সংসদ পানছড়ি উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল হাসেমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ বেলাল হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর নির্যাতন, জুলুম ও মামলা-হামলা চালানো হয়েছে। তবে জনগণের ভালোবাসা ও রায়ে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জনগণের এই ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে সকলের সঙ্গে মিলেমিশে বসবাসের অঙ্গীকার করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের স্থিতিশীলতা বিনষ্টে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মোঃ ইউসুফ আলী বলেন, শহীদ জিয়া স্মৃতি সংসদ একটি অরাজনৈতিক সংগঠন হলেও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর আদর্শ ধারণ করে তাঁর স্মৃতি সংরক্ষণে কাজ করবে এবং বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ দেশের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

অনলাইন ডেস্কঃ 


















