ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধিঃ-
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) সকাল ১১টা থেকে উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় এসব ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করার এক অনন্য প্রয়াস লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন পানছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নুরুল কায়েস শিমুল। এ সময় তিনি বলেন, “সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।”
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল মান্নান, ছাত্রনেতা মোঃ শাহীন, মোঃ সবুজ চৌধুরী, মোঃ নাজমুল হোসেন, জসিম উদ্দিনসহ আরও অনেকে।
ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীদের চোখেমুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের ছাপ। তাদের একজন বলেন, “এই সহযোগিতা আমাদের জন্য ঈদের সবচেয়ে বড় উপহার। আমরা সত্যিই কৃতজ্ঞ।”
মানবিক এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে প্রশংসার জোয়ার বইছে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
সম্পাদক - মোঃ মনির হোসেন