আশিকুর রহমান
স্টাফ রিপোর্টার
নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাপাশিয়া দাখিল মাদরাসায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মাদরাসা কর্তৃপক্ষের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬শে মার্চ) মাদরাসা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সুপারিনটেনডেন্ট হাফেজ মাওলানা দৌলত আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "স্বাধীনতা আমাদের শ্রেষ্ঠ সম্পদ ও অহংকার। যে বীর শহীদেরা জীবন দিয়ে আমাদের এই মানচিত্র দিয়েছেন, তাদের রক্তস্নাত ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।"
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে সহ-সুপার মাওলানা আমিরুল ইসলাম বলেন, "মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। ধর্মের সঠিক আদর্শ অনুসরণের মাধ্যমে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।"
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ ওমর ফারুক। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "লেখাপড়ার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই হোক আমাদের আজকের অঙ্গীকার। সুশিক্ষাই পারে একটি জাতিকে উন্নতির শিখরে নিয়ে যেতে।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক সোহেল রানা, আরমান রহমান, জোহরা বেগম, আঃ কুদ্দুছ সহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও অভিভাবকগণ।
আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক - মোঃ মনির হোসেন