
মোঃ আমিনুল ইসলাম মন্ডল
পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোণার পূর্বধলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় রায়হান (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান ওই এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রায়হান বাড়ির পাশের পাকা সড়কের ধারে দাঁড়িয়ে ছিল। এ সময় পূর্বধলা থেকে জারিয়া গামী একটি অজ্ঞাতনামা অটোরিকশা তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, দুর্ঘটনায় জড়িত অটোরিকশা ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দৈনিক নেত্রপ্রকাশ 








