শহীদুল ইসলাম শাহেদ,কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে পাচারকালে ১০ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার রাতে কক্সবাজার শহরের শহীদ সরণিস্থ জলিলের দোকান মোড় থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকায় বসবাসকারি মৃত আবুল বশরের ছেলে মো. একরাম হোসেন (৪৫) এবং তার স্ত্রী রুমা আক্তার (৩৮)। তাদের আদি নিবাস চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার কধুরখিল এলাকায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক সোমেন মন্ডল বলেন, সোমবার রাতে কক্সবাজার শহর থেকে অ্যাম্বুলেন্স যোগে মাদকের একটি চালান পাচারের খবরে সেখানে অভিযান চালানো হয়। এসময় শহরের শহীদ সরণী জলিলের দোকানের মোড় এলাকায় জেলা সদর হাসপাতালের দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স পৌঁছালে থামার সংকেত দেয়া হয়। এতে টের পেয়ে গাড়িটির চালক দ্রুত পালানোর চেষ্টা করে।
একপর্যায়ে ধাওয়া করে গাড়িটি আটক করা হয়। পরে অ্যাম্বুলেন্সে তল্লাশি করে লুকিয়ে রাখা ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। মাদক বহনের কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে।
সম্পাদক - মোঃ মনির হোসেন