আদিলুর রহমান আদিল
ময়মনসিংহ জলা প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার স্কাউটিং কার্যক্রমকে আরও বেগবান ও গতিশীল করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানগণের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ মে (সোমবার) সকাল ১১টায় গফরগাঁওয়ের মাওলানা শামছুল হুদা পাঁচবাগী (র.) মিলনায়তনে 'বাংলাদেশ স্কাউটস, গফরগাঁও উপজেলা' শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং বাংলাদেশ স্কাউটস গফরগাঁও উপজেলা শাখার সভাপতি জনাব এন.এম. আব্দুল আল মামুন।
বাংলাদেশ শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম-এর প্রাণবন্ত সঞ্চালনায় সভায় স্কাউটিংয়ের প্রসার ও শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনে স্কাউটসের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো আবু সাঈদ, বাংলাদেশ স্কাউটস গফরগাঁও উপজেলার সম্পাদক এস এম মোমতাজ উদ্দিন, এবং বাংলাদেশ শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখার সভাপতি আলা উদ্দিন বাদল। এছাড়াও উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষকগণ সভায় তাঁদের মূল্যবান মতামত তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব এন.এম. আব্দুল আল মামুন বলেন, "তরুণ প্রজন্মকে দক্ষ, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউটিং কার্যক্রমকে আরও জোরদার করতে হবে এবং এ বিষয়ে প্রাতিষ্ঠানিক প্রধানদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।"
সভায় উপস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানে স্কাউট কার্যক্রমকে আরও সক্রিয় করার এবং উপজেলা স্কাউটসকে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সম্পাদক - মোঃ মনির হোসেন