আদিলুর রহমান,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৪নং সালটিয়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের জালাল সাহেব মসজিদেwর সম্মানিত ইমাম ও খতিব মাওলানা ইউসুফ সাহেবের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (শনিবার) সকাল ১০টায় গফরগাঁওয়ের ঐতিহ্যবাহী জামতলা মোড়ে সর্বস্তরের তৌহিদী জনতা, উলামায়ে কেরাম ও সাধারণ সাধারণ মানুষের অংশগ্রহণে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুখুরিয়া মাদরাসার নূরানি বিভাগের ওই শিক্ষক এলাকায় অত্যন্ত নিরহংকার, ভদ্র ও দ্বীনদার মানুষ হিসেবে পরিচিত। গত শুক্রবার এশার নামাজ চলাকালে মহল্লার কিছু যুবক উচ্চ শব্দে গান-বাজনা ও মেলার মাইকিং করছিল। নামাজে বিঘ্ন ঘটায় ওই শিক্ষক ও ইমাম শান্তভাবে তাদের শব্দ বন্ধ করার অনুরোধ করতে যান। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবকরা তাঁর ওপর নৃশংস ও ন্যাক্কারজনক হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
আজকের মানববন্ধনে বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, "একজন আলেম, শিক্ষক ও ইমামের ওপর এমন ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়; বরং ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি, শিষ্টাচার ও সভ্যতার ওপর চরম আঘাত।"
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বক্তারা বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধ সংঘটনের সাহস না পায়।
সমাবেশ শেষে আহত সম্মানিত শিক্ষকের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সাথে সমাজে শান্তি, শৃঙ্খলা ও দ্বীনের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
সম্পাদক - মোঃ মনির হোসেন