
নিজস্ব সংবাদদাতা
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বালু আনলোডের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর নিখোঁজ হওয়া সোহাগ হোসেন (২৩) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার আগ্রান তেল পাম্প এলাকার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সোহাগ হোসেন চক বড়াইগ্রাম এলাকার বাসিন্দা।
ঘটনার পর ২৪ ঘণ্টা পার হতে না হতেই তিনজনকে আটক করেছে বড়াইগ্রাম থানা পুলিশ। আটকরা হলেন আকাশ (২৮), তার মা ও তার বোন। আটক তিনজনকে আইনানুগ প্রক্রিয়া শেষে নাটোর আদালতে প্রেরণ করা হয়েছে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, এসআই শহিদুল ও মিন্টুর নেতৃত্বে পরিচালিত অভিযানে দুই নম্বর বড়াইগ্রাম ইউনিয়নের মানিকপুর এলাকা থেকে আসামিদের আটক করা হয়। তিনি আরও জানান, মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে অভিযান পরিচালনা করা হয়েছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করার পর ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছিল। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে পুলিশি তৎপরতা এখনও অব্যাহত রয়েছে।

অনলাইন ডেস্কঃ 
























