
ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধি:
পবিত্র রমজান মাস শুরু হতেই খাগড়াছড়ির পানছড়িতে বিকেল নামলেই জমে উঠছে ইফতারের বাজার। প্রতিদিন বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে পানছড়ি বাজার-এ ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ইফতার সামগ্রী কিনতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষজন ভিড় করছেন বাজারে।
ব্যবসায়ীরা জানান, রমজানের প্রথম দিন থেকেই ইফতার সামগ্রীর বিক্রি সন্তোষজনক। তাদের মতে, গত বছরের তুলনায় এবার ক্রেতার সংখ্যা বেশি। বিশেষ করে বিকেল চারটার পর বাজারে মানুষের চাপ এতটাই বেড়ে যায় যে হাঁটার জায়গা পাওয়া দায় হয়ে পড়ে।
বাজার ঘুরে দেখা যায়, ছোলা, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, মেহেদীদানা, জিলাপি, চিকেন রোলসহ নানা ধরনের মুখরোচক ইফতার সামগ্রী বিক্রি হচ্ছে। পাশাপাশি গরমের কারণে আখের রস ও তরমুজ এর চাহিদাও রয়েছে বেশ। ইফতারের আগে ঠান্ডা আখের রস কিনতে দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন রোজাদাররা।
ক্রেতারা জানান, পরিবারের সদস্যদের পছন্দ অনুযায়ী বিভিন্ন আইটেম কিনতেই তারা বাজারে আসেন। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বিবেচনায় রেখেই ইফতার বাজার করতে হচ্ছে বলে জানান অনেকেই।
সব মিলিয়ে রমজান মাসকে কেন্দ্র করে পানছড়ির ইফতারের বাজারে এখন প্রাণচাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

অনলাইন ডেস্কঃ 
















