
মোঃ আমিনুল ইসলাম মন্ডল
পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদার মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে তিনি বিএনপির শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে সঙ্গে নিয়ে নেত্রকোনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
আলহাজ্ব আবু তাহের তালুকদার নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক। তিনি এই আসনে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “দলের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের লক্ষ্যে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। জনগণের ভোট ও সমর্থন নিয়ে এই আসনে বিজয় অর্জনের দৃঢ় প্রত্যয় রয়েছে আমার।”
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আব্দুর রহিম তালুকদার, পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার, যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির এবং আনোয়ারুল ইসলাম আনার।

অনলাইন ডেস্কঃ 



















