
শহীদুল ইসলাম শাহেদ,কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে সিএনজিচালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নাহিদ ইসলাম (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে সিএনজি চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যাং ঝিমংখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে শিশুসহ কয়েকজন গুরুতর আহত হন।
নিহত নাহিদ ইসলাম হ্নীলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলীআকবর পাড়া এলাকার মোহাম্মদ নুরের ছেলে।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হ্নীলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নাহিদ ইসলামকে মৃত ঘোষণা করেন।
আহত চারজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সিএনজি চালকের অবস্থা গুরুতর হওয়ায় তার জীবন নিয়ে শঙ্কা রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
টেকনাফ হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং জড়িত দুইটি বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অনলাইন ডেস্কঃ 



















