
ফাহিম উদ্দিন; পানছড়ি প্রতিনিধিঃ-
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্য ইমন (২৫) কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (০৭ মে) সকাল ৬টার দিকে উপজেলার ইসলামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমন উপজেলার মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়াও স্থানীয়রা জানান, নিহত ইমন ইউপিডিএফ গণতান্ত্রিকের (কালেক্টর) সদস্য ছিলেন।
ইউপিডিএফের (গণতান্ত্রিক) পানছড়ি উপজেলার সহকারী পরিচালক বিকাশ ত্রিপুরা দাবি করেন, সকালে ইমন হোসেন সাংগঠনিক কাজে বের হলে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। তবে এই অভিযোগের বিষয়ে ইউপিডিএফ প্রসীত গ্রুপের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
খবর পেয়ে পানছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অনলাইন ডেস্কঃ 

















