
ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধি :-
সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের সার্বিক কল্যাণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়মিতভাবে মানবিক সহায়তা প্রদান করে আসছে। চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা ও অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় সাফল্যের পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সমান দায়িত্বশীল ভূমিকা পালন করছে ৩ বিজিবি লোগাং জোন।
জানা যায়, প্রতিমাসে লোগাং জোনের উদ্যোগে মানবিক সহায়তা, দুঃস্থ নারীদের সেলাই মেশিন প্রদান, পানীয় জলের সমস্যা সমাধানসহ বিভিন্ন অসহায় জনগোষ্ঠীর আবেদন যাচাই-বাছাই করে উন্নয়নমূলক সহায়তা অব্যাহত রয়েছে।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) দুপুরে পানছড়ি উপজেলার দুর্গম অংজ পাড়ায় পানীয় জলের তীব্র সংকট দূর করতে নলকূপ স্থাপন করা হয়। পাশাপাশি দুঃস্থ নারীদের স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন প্রদান, অসহায় পরিবারের ঘরের ছাউনির জন্য টিন ও নগদ অর্থ বিতরণ এবং দুর্গম এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাতা ও স্কুলব্যাগ বিতরণ করা হয়।
এ সময় ৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, “সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ। দায়িত্বপূর্ণ এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা, পানীয় জলের চাহিদা পূরণ এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে আমরা সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছি।”

অনলাইন ডেস্কঃ 



















