
মেহেদী হাসান আরফাত
টেকনাফ উপজেলা প্রতিনিধি
টেকনাফের গহিন পাহাড়ে বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ তিন মানব পাচারকারীকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। এ সময় পাচারের উদ্দেশ্যে পাহাড়ে আটকিয়ে রাখা নারী, পুরুষ ও শিশুসহ মোট সাতজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত হলেন- টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার আবদুর রহমান (৩২), হামিদ হোসেন (২৮) ও বড় ডেইল এলাকার হেলাল উদ্দীন (৩০)।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের কেরনতলীতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর এ তথ্য নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া ভিকটিমরা হলেন- তসলিমা (২৫), মো. সোহাইল (৪), হোসেনা বিবি (৫), হাসনা (১৮), শাহিদা (১৯), বশির আহমেদ (২৬) এবং উখিয়ার ইনানী জালিয়াপালং এলাকার নুর মোহাম্মদ (৪০)।
কোস্টগার্ড জানায়, পূর্বে গ্রেফতার পাচারকারীদের তথ্য ও গোয়েন্দা সূত্রে জানা যায়, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বেশ কয়েকজনকে গহিন পাহাড়ে আটক রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে ৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বাহারছড়া সংলগ্ন পাহাড়ি অঞ্চলে কোস্টগার্ডের একটি বিশেষ অভিযান চালানোহয়।
অভিযানে পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা ভিকটিমদের উদ্ধার এবং তিন পাচারকারীকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে ভিকটিমরা জানান, সংঘবদ্ধ পাচারচক্র উন্নত জীবনের লোভ দেখিয়ে মালয়েশিয়ায় পাঠানোর নাম করে তাদের আটক করে রেখেছিল। পাশাপাশি ভয়-ভীতি দেখিয়ে মুক্তিপণ আদায়েরও চেষ্টা চলছিল।
কোস্টগার্ড জানায়, উদ্ধার হওয়া ভিকটিম, জব্দ করা অস্ত্র ও গ্রেফতার পাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মানবপাচার দমনে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

অনলাইন ডেস্কঃ 



















