
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় এক বিধবা নারীর সাথে তার শ্বশুরবাড়ির লোকজনের জমিজমা ও ঘরবাড়ি নিয়ে বিরোধ চরম আকার ধারণ করেছে। এই ঘটনায় ভুক্তভোগী নারী মোছাঃ ইমা আক্তার (২৮) নিরাপত্তা চেয়ে এবং তার স্বামীর প্রাপ্য অংশ দাবি করে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর মুলাইদ এলাকার রুবেল শেখ মারা যাওয়ার পর থেকেই তার দ্বিতীয় স্ত্রী ইমা আক্তারের সাথে শ্বশুর নাজিম উদ্দিন শেখ, ভাসুর মোশারফ শেখ এবং প্রথম স্ত্রী (সতিন) শিখা আক্তারের বিরোধ শুরু হয়। ইমা আক্তারের দাবি, তার স্বামীর রেখে যাওয়া দোকান ভাড়ার টাকা ও সম্পত্তির অংশ থেকে তাকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে এবং তাকে বাড়ি ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে। এই বিষয়ে তিনি এর আগেও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
সর্বশেষ ২ জানুয়ারি বিকেলের একটি ঘটনাকে কেন্দ্র করে ইমা আক্তার থানায় নতুন করে অভিযোগ দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, বিবাদীরা তাকে ও তার দুই বছরের সন্তানকে উচ্ছেদের ভয় দেখাচ্ছে এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে।
অন্যদিকে, বিবাদী পক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা দাবি করেন, পারিবারিক বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে এবং সম্পত্তি বন্টন নিয়ে তাদের নিজস্ব আইনগত অবস্থান রয়েছে। তাদের পক্ষ থেকে কোনো অনৈতিক হুমকির বিষয়টি অস্বীকার করা হয়েছে।
শ্রীপুর মডেল থানার ডিউটি অফিসার জানান, “অভিযোগটি গ্রহণ করা হয়েছে। পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে দুই পক্ষের বক্তব্য ও তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”
বর্তমানে ওই এলাকায় এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করার চেষ্টা করছেন বলে জানা গেছে।

অনলাইন ডেস্কঃ 



















