
শহীদুল ইসলাম শাহেদ, কক্সবাজার জেলা প্রতিনিধি:
প্রাইভেট কার যোগে মাদক পাচারকালে টেকনাফের শীলখালী চেকপোস্টে ৬ হাজার পিস ইয়াবাসহ বহনকারী চালক মো. তৈয়বকে (৩১) গ্রেপ্তার করেছে বিজিবি। গ্রেফতার চালক কক্সবাজার সদর থানাধীন ঝিরঝির পাড়া কলাতলীর মৃত আবুল হোছেনের ছেলে। উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম ১৬ ফেব্রুয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেট কার ১৫ ফেব্রুয়ারী রাত ১১টার দিকে শীলখালী অস্থায়ী চেকপোস্ট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ এবং বিজিবির প্রশিক্ষিত ডগ হেনরি (নারকোটিক্স) কর্তৃক তল্লাশী কার্যক্রম পরিচালনা করে প্রাইভেট কারের সামনের বাম পার্শ্বের দরজার নীচের অংশে অভিনব কায়দায় লুকানো ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং প্রাইভেট কারের চালক মো. তৈয়বকে (৩১) গ্রেপ্তার করা হয়। মাদক পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও মোবাইল জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উল্লিখিত ইয়াবা টেকনাফ হতে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে চালক স্বীকার করেছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট, জব্দকৃত প্রাইভেটকার ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

অনলাইন ডেস্কঃ 



















