
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমানের বসতবাড়িতে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার পৌরশহরের বাসভবনে এই চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরচক্র ঘরের তালা ভেঙে টেলিভিশনসহ বিপুল পরিমাণ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার রাতে মুশফিকুর রহমানের বাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। এই সুযোগে গভীর রাতে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত ঘরের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। চোরচক্রটি ঘরের ভেতর থাকা দামী টেলিভিশন ও আনুষঙ্গিক অন্যান্য মালামাল নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।
আজ মঙ্গলবার সকালে চুরির বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ সদস্যরা ইতোমধ্যে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন।
এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ। দোষীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

দৈনিক নেত্রপ্রকাশ 

















