
শাহিন ফকির, পিরোজপুর:
পিরোজপুরের রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দের সম্মানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদীর সৌজন্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (২২ মার্চ) সন্ধ্যা ৭.০০ ঘটিকায় পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পিরোজপুরের পুলিশ সুপার মোঃ মনজুর আহমেদ সিদ্দিকী,জেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম খান,জেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ,জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হকসহ রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আমন্ত্রিত অতিথিরা একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং এই ধরনের আয়োজনের মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার শিক্ষা দেয়। পিরোজপুরের সর্বস্তরের মানুষের মাঝে এই সৌহার্দ্য সবসময় বজায় থাকুক—এটাই আমাদের কাম্য।”
এছাড়াও তিনি দল মত নির্বিশেষে সবাইকে৷ নিয়ে একত্রিত হয়ে পিরোজপুরের উন্নয়নের জন্য কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মানে এক বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি সকলের উপস্থিতিতে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

শাহিন ফকির 



















