
মোঃ আমিনুল ইসলাম মন্ডল
পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদরের জগৎমণি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন বাজারসংলগ্ন ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নিজাম উদ্দিন এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রাশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব এ এস এম শহীদুল্লাহ ইমরান।
বিশেষ আলোচক ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সোহেল। আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমদ আলী সরকার, এম এ মান্নান, যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক হলুদ, যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার জাহান দর্পণ, যুবদল নেতা আসাদুজ্জামান ডানো, মাহবুব আলম, ইসতিয়াকুর রহমান বাবু, উপজেলা বিএনপির সাবেক প্রকাশনা ও সাহিত্যবিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন সোহেল এবং জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জাহিদ হাসান।
বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পূর্বধলায় গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে সংগঠিত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। বক্তারা পূর্বধলায় শক্তিশালী গণআন্দোলন গড়ে তুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনলাইন ডেস্কঃ 


















