
ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুঁইয়ার পক্ষে ধানের শীষ প্রতীকে শক্ত অবস্থান ও ঐক্যের বার্তা দিয়ে শেষ নির্বাচনী মিছিল করেছে পানছড়ি উপজেলা বিএনপি।
৯ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার বিকেল ৫টায় উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেনের সভাপতিত্বে উপজেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিয়া স্কয়ারে গিয়ে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে বক্তারা বলেন, ভোটের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার খর্ব করা হয়েছে। এ অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ হলো ব্যালটের মাধ্যমে জবাব দেওয়া। বক্তারা ভোটারদের নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
নেতারা আরও বলেন, আজকের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সমাপ্তি হলেও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এখানেই শেষ নয়। জনগণের রায়ে বিজয় নিশ্চিত করে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. সিরাজুল ইসলাম, সহসভাপতি নূরুল কায়েস শিমুল, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইদ্রিস আলী, যুবদলের আহ্বায়ক মো. আবছারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

অনলাইন ডেস্কঃ 


















