
ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধিঃ
পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে খাগড়াছড়ির পানছড়িতে ৩ বিজিবি লোগাং জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে পাহাড়ি কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন, বীজ ধান ও সার বিতরণ করা হয়েছে।
গত ২৩ নভেম্বর ২০২৫, রবিবার সকাল ১১টায় পানছড়ি উপজেলার হাতিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম। তিনি উপকারভোগী ৪০ জন কৃষক-কৃষাণীর হাতে কৃষি উপকরণ তুলে দেন।
বিজিবি সূত্র জানায়, ২৩ থেকে 27 নভেম্বর পর্যন্ত লোগাং জোনের আওতাধীন পাহাড়ি এলাকার বিভিন্ন দুর্গম গ্রামে কৃষি উপকরণ ছাড়াও ঢেউটিন, দুঃস্থ নারীদের সেলাই মেশিন, অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা এবং শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে।
এদিন দুপুরে জোন অধিনায়ক বিজিবি পরিচালিত লোগাং কম্পিউটার ক্লাব ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এবং দুঃস্থ নারী প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই প্রশিক্ষণ সমাপ্তি সনদ প্রদান করেন। পরে তিনি লোগাং বাজার হেফজ মাদরাসাও পরিদর্শন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোগাং ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা, বিজিবির প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, ইউপি সদস্য-সদস্যাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা।
জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম বলেন—
“সীমান্ত এলাকায় অপরাধ ও চোরাকারবার সনাক্তে স্থানীয়দের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশমাতৃকার সেবায় বিজিবি সর্বদা নিয়োজিত। পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনলাইন ডেস্কঃ 



















