
লিমা আক্তার
আটপাড়া উপজেলা প্রতিনিধি:
আসন্ন আটপাড়া উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেত্রকোনার আটপাড়া উপজেলার ৭নং সুখারী ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম—সবখানেই এখন মূল আলোচনার বিষয় কে হচ্ছেন সুখারী ইউনিয়নের আগামী দিনের অভিভাবক। এই নির্বাচনি মাঠে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা ও জনপ্রিয়তার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও তরুণ প্রজন্মের অহংকার মুতাকাব্বীর ভূঁইয়া (টুটুল)।
এলাকাবাসীর সূত্র ধরে জানা গেছে, মোতাকাব্বীর ভূঁইয়া (টুটুল) দীর্ঘদিন ধরে সুখারী ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন। করোনাকালীন সংকট, বন্যা কিংবা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে তিনি ব্যক্তিগত তহবিল ও মানবিক উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে ছুটে গেছেন। ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রগতি এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় তার অবদান সর্বজনস্বীকৃত।
নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করার পর থেকেই সর্বস্তরের জনগণের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। সুখারী ইউনিয়নের একাধিক ভোটার জানান, “আমরা এমন একজন শাসক চাই না, যিনি শুধু নির্বাচনের সময় আসেন। আমরা মুতাকাব্বীর ভূঁইয়া (টুটুল) ভাইয়ের মতো একজন প্রকৃত সেবক চাই, যিনি সবসময় আমাদের পাশে থাকেন। তার সততা এবং উন্নয়নমুখী মানসিকতা সুখারী ইউনিয়নকে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সক্ষম।”
তরুণ ভোটারদের মতে, মাদক, জুয়া ও দুর্নীতিমুক্ত একটি পরিচ্ছন্ন ইউনিয়ন গঠনে মুতাকাব্বীর ভূঁইয়া (টুটুল)-এর কোনো বিকল্প নেই। তিনি তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং ক্রীড়া ও সংস্কৃতির বিকাশে সবসময় ইতিবাচক ভূমিকা পালন করে আসছেন।
নিজের প্রার্থী হওয়ার বিষয়ে মুতাকাব্বীর ভূঁইয়া (টুটুল) জানান, “জনগণই আমার শক্তি। আমি চেয়ারম্যান পদের চেয়ারের লোভী নই, বরং সুখারী ইউনিয়নের অবহেলিত মানুষের অধিকার ফিরিয়ে দিতে এবং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতেই নির্বাচনে অংশ নিচ্ছি। ৭নং সুখারী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করাই আমার মূল লক্ষ্য। আমি বিশ্বাস করি, আগামী নির্বাচনে ইউনিয়নের সচেতন নাগরিকরা আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে সেবা করার সুযোগ দেবেন।”
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ৭নং সুখারী ইউনিয়নে মোতাকাব্বীর ভূঁইয়া (টুটুল)-এর পক্ষে গণজোয়ার ততই দৃশ্যমান হচ্ছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন ও ভালোবাসা তাকে বিজয়ের পথে অনেকটাই এগিয়ে রাখছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

দৈনিক নেত্রপ্রকাশ 


















