
নিজস্ব প্রতিবেদক,
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়ায় অবস্থিত ‘এম.এইচ. মডার্ন পাবলিক স্কুল’-এর সামনের সরকারি খেলার মাঠ দখল এবং সেখানে পৌরসভার ময়লা-আবর্জনা ফেলার অভিযোগ উঠেছে। এতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এবং উৎকট দুর্গন্ধে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এ ঘটনার দ্রুত প্রতিকার ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে গত ১৭ মে কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
প্রাপ্ত অভিযোগপত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টির ঠিক সামনেই থাকা একটি সরকারি ফাঁকা জায়গা দীর্ঘকাল ধরে শিক্ষার্থীরা খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য উন্মুক্ত এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সম্প্রতি এলাকার আব্দুল ওয়াহেদ নামের এক ব্যক্তি নিজের ব্যক্তিগত স্বার্থে ওই সরকারি মাঠে অবৈধভাবে গাছ লাগিয়ে মাঠটি দখলের অপচেষ্টা চালাচ্ছেন। অবৈধ এই বৃক্ষরোপণের ফলে শিক্ষার্থীদের খেলার জায়গা ক্রমশ সংকুচিত হয়ে গেছে।
শুধু মাঠ দখলই নয়, এর পাশাপাশি মাঠের একপাশে নিয়মিত পৌরসভার ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ময়লার এই বিশাল স্তূপ থেকে নির্গত উৎকট দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য চরম হুমকিতে পড়েছে। দুর্গন্ধে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের টেকা দায় হয়ে পড়েছে, যার ফলে ব্যাহত হচ্ছে পড়াশোনার স্বাভাবিক পরিবেশ।
এসব সমস্যার সমাধানে এবং বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার স্বার্থে এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দের পক্ষে এম.এইচ. মডার্ন পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মামুন হাওলাদার ইউএনও বরাবর ওই স্মারকলিপিটি প্রদান করেন।

আবেদনে বিষয়টি সরেজমিনে তদন্তপূর্বক দ্রুত ওই স্থান থেকে অবৈধ গাছ ও ময়লার স্তূপ অপসারণ করে আইনি ব্যবস্থা গ্রহণ এবং মাঠটিকে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য চিরতরে উন্মুক্ত রাখার জোর দাবি জানানো হয়েছে। উপজেলা প্রশাসন অভিযোগপত্রটি গ্রহণ করেছে। এখন প্রশাসনের দ্রুত ও কার্যকরী পদক্ষেপের দিকে তাকিয়ে আছেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।

দৈনিক নেত্রপ্রকাশ 


















