
মোঃ রাকিব হাসান
কলমাকান্দা উপজেলা প্রতিনিধি
স্বপদে ফিরেছেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়ন পরিষদের বরখাস্ত হওয়া চেয়ারম্যান সাইদুর রহমান ভূইয়া। আজ রোববার জেলা প্রশাসনের পক্ষ থেকে চেয়ারম্যানকে স্বপদে বহালের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলি আদেশ জারি হয়েছে।
জানা গেছে, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূইয়ার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা ও আদালত অবমাননার অভিযোগে স্থানীয় সরকার বিভাগ তাকে সাময়িক বরখাস্ত করেছিল। পরবর্তীতে হাইকোর্টে রিট পিটিশন করেন তিনি। শুনানি শেষে বরখাস্তের আদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে চেয়ারম্যানকে স্বপদে বহালের প্রজ্ঞাপন জারি করা হয়।
নেত্রকোনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আরিফুল ইসলাম সরদার বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশনা ও মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
চেয়ারম্যানের স্বপদে ফেরা প্রসঙ্গে কলমাকান্দা উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা রেজাউল করিম চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার থেকেই চেয়ারম্যান সাইদুর রহমান ভূইয়া স্বপদে দায়িত্ব পালন শুরু করেছেন।
একই দিন ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ইউএনও মাসুদুর রহমানের বদলি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী তাকে পরবর্তী পদায়নের জন্য বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
এর আগে জাতীয় সংসদ নির্বাচনকালীন প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার সময় চেয়ারম্যান ও ইউএনওর মধ্যে প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ তৈরি হয়। যা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। ইউএনওর বদলির আদেশের বিরুদ্ধে জামায়াত জোটের স্থানীয় নেতাকর্মীরা মানববন্ধনও করেন।

অনলাইন ডেস্কঃ 



















