
হাবিবুল ইসলাম
আটপাড়া উপজেলা প্রতিনিধি:
নেত্রকোণার আটপাড়ায় উৎসবমুখর পরিবেশে ‘ভূমি সেবা মেলা-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) আটপাড়া উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়।
উপজেলা ভূমি প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনূর রহমান। সহকারী কমিশনার (ভূমি) তানজিলা শারমীন দৃষ্টির চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সাধারণ মানুষকে হয়রানিমুক্ত ও দ্রুততম সময়ে আধুনিক ডিজিটাল ভূমি সেবা প্রদান করা এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনূর রহমান বলেন, “ভূমি সেবা এখন জনগণের দোরগোড়ায়। সাধারণ মানুষ যেন কোনো রকম ভোগান্তি ছাড়া সরকারি সব ভূমি সেবা সহজে পেতে পারেন, সেজন্য প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে আগত সেবাগ্রহীতারা মেলা থেকে ই-নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান ও খতিয়ানসহ বিভিন্ন ডিজিটাল সেবা ও পরামর্শ সরাসরি গ্রহণ করেন। দ্রুত ও ঝামেলাহীনভাবে সেবা পেয়ে উপস্থিত সাধারণ জনগণ সন্তোষ প্রকাশ করেছেন।

অনলাইন ডেস্কঃ 



















