
মেহেদী হাসান আরফাত
টেকনাফ উপজেলা প্রতিনিধি
কক্সবাজারের র্যাব-১৫ এর পৃথক অভিযানে লবণের ট্রাকে ১ লক্ষ পিস ইয়াবাসহ ০২ মাদক কারবারি এবং ঈদগাঁওয়ে অস্ত্র-গুলিসহ ০২ ডাকাত আটক।
বাংলাদেশ আমার অহংকার-এই দৃপ্ত শপথে বলীয়ান হয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সন্ত্রাস দমন, মাদক নির্মূল এবং চাঞ্চল্যকর অপরাধের রহস্য উন্মোচনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার জেলার টেকনাফ ও ঈদগাঁও এলাকায় পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করে ১ লক্ষ পিস ইয়াবা এবং দেশীয় অস্ত্র-গুলিসহ ৪ জন পেশাদার অপরাধীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
গতকাল ১৩ মে ২০২৬ তারিখ রাত অনুমান ২২:৩০ ঘটিকায় র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একদল মাদক ব্যবসায়ী লবণের ট্রাকে করে ইয়াবার একটি বড় চালান পাচারের উদ্দেশ্যে টেকনাফের সাবরাং এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত ২৩:০৫ ঘটিকায় সাবরাং ইউনিয়নের ডেগিল্যার বিল এলাকায় অভিযান চালিয়ে লবণের ট্রাকে বিশেষ কায়দায় লুকানো ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত ট্রাক ও ১০০ মণ লবণসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন
১। মোঃ এমরানুল ইসলাম (২০), পিতা- আহম্মদ ছফা (বাঁশখালী, চট্টগ্রাম) এবং ২। নুর মোহাম্মদ (৪২), পিতা- মোঃ রহমত উল্লাহ (সাবরাং, টেকনাফ)।
পৃথক আরেকটি অভিযানে, আজ ১৪ মে ২০২৬ তারিখ রাত ০১:০৫ ঘটিকায় র্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি দল ঈদগাঁও থানাধীন আলমাছিয়া পূর্ব গেইট এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে স্বপ্নচূড়া মার্কেটের সামনে ডাকাতির উদ্দেশ্যে ওৎ পেতে থাকা অবস্থায় ০১টি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং ০৫ রাউন্ড তাজা কার্তুজসহ দুই ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন
১। মোঃ এনামুল হক ওরফে এনাম (২৩), পিতা- মৃত আব্দুল নবী এবং ২। মোঃ নুরুল আফসার রিপন ওরফে আফসার (৪০), পিতা- নুর আহম্মদ। উভয়ের বাড়ি ঈদগাঁও থানার কালীরছড়া এলাকায়।
আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
অস্ত্র ও মাদকমুক্ত নিরাপদ কক্সবাজার গড়তে র্যাব-১৫ এর এই কঠোর নজরদারি ও আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনলাইন ডেস্কঃ 

















