
শহীদুল ইসলাম শাহেদ কক্সবাজার জেলা প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়া মাদকবিরোধী বিশেষ অভিযানে মালিকবিহীন প্রায় ৮ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৬ মে) রাতে উখিয়ার সীমান্তবর্তী উনচিপ্রাং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৭ এর পশ্চিম পাশে শাকেরের ঘের এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ৮টার দিকে ৪ জন সন্দেহভাজন ব্যক্তি মিয়ানমার থেকে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে।
এসময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা হাতে থাকা প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত খালের ভিতর দিয়ে গ্রামের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে খাকী রঙের প্যাকেটের ভেতর থেকে নীল রঙের বায়ুরোধী ২৯টি প্যাকেটে রাখা ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি ৭০ লাখ টাকা। পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারে এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বলেন, “পালিয়ে যাওয়া মাদক কারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে।”
তিনি আরও বলেন, ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনলাইন ডেস্কঃ 





















