
মোঃ আমিনুল ইসলাম মন্ডল
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
‘পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন সম্প্রসারণে পাটচাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) উপজেলা প্রশাসন ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ‘পাটচাষী প্রশিক্ষণ-২০২৬’ অনুষ্ঠিত হয়।
পূর্বধলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনীম জাহানের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৬০ জন কৃষক ও সফল পাটচাষী অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা সুজিত গোস্বামী।
প্রধান অতিথি হিসেবে ঢাকায় থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন পাট অধিদপ্তরের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব দীপক কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান নোমানী।
প্রশিক্ষণে কৃষকদের আধুনিক ও কারিগরি বিষয়ে দিকনির্দেশনা দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আমিরুল ইসলাম, পূর্বধলা উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদুন নূর এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাকিবুর রহমান।
দিনব্যাপী কর্মশালায় আধুনিক পাট চাষাবাদ পদ্ধতি, উচ্চ ফলনশীল ও উন্নতমানের পাটবীজ ব্যবহার, কম খরচে উৎপাদন বৃদ্ধি, রোগবালাই দমন এবং সঠিক বাজারজাতকরণ বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
বক্তারা বলেন, পাটের সোনালি অতীত ফিরিয়ে আনতে এবং বিশ্ববাজারে পাটখাতকে আরও প্রতিযোগিতামূলক করতে আধুনিক প্রযুক্তির বিকল্প নেই। দক্ষ ও সচেতন পাটচাষী তৈরি করা গেলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশের পাটশিল্প নতুন সম্ভাবনার দ্বার খুলবে।
প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষকেরা জানান, প্রযুক্তিনির্ভর এই কর্মশালার মাধ্যমে তাঁরা আধুনিক রিবন রেটিং (আঁশ ছাড়ানো) ও উন্নত চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জেনেছেন, যা ভবিষ্যতে পাটের ফলন বাড়াতে সহায়ক হবে।

অনলাইন ডেস্কঃ 



















